/ শিক্ষা

চবিতে ৭ দাবিতে শিক্ষার্থীদের অনশন, ৫২ ঘণ্টা পর স্থগিত

...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে টানা ৫২ ঘণ্টা আমরণ অনশনে থাকা শিক্ষার্থীরা অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছেন।শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার স্বয়ং উপস্থিত থেকে অনশনরত শিক্ষার্থীদের মুখে পানি তুলে অনশন ভাঙান। এ সময় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তান। তাদের দাবিগুলো আমরা গুরুত্ব সহকারে নিয়েছি। আগামী রোববারের (১৪ সেপ্টেম্বর) মধ্যেই বিষয়গুলো সমাধানের চেষ্টা করা হবে। আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না। অনশনের দীর্ঘ সময়ে অন্তত সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে তিনজনকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি করে স্যালাইন দেয়া হয়। তাদের মধ্যে ছিলেন নারী অঙ্গনের সংগঠক ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সুমাইয়া শিকদার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া এবং পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা।