জামালপুরে মেলান্দহ উপজেলার কোনামালঞ্চ এলাকায় ৮ বছরের শিশুছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যাওয়া অভিযুক্ত মাদরাসা শিক্ষক শরিফুল ইসলামকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধর্ষণের ঘটনায় ১০ মে বুধবার রাতে থানায় মামলা হবার পরের দিন ১১ মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় অভিযুক্ত ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, মামলা হবার পর পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ মহোদয় আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। তাঁর দিকনির্দেশনায় মেলান্দহ থানার এসআই শামছ মো. সাবিকুল ইসলামের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সাহায্যে বিভিন্ন স্থানে অভিযান চালায় একদল পুলিশ।অভিযানে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পৌর এলাকার পূবালি ব্যাংকের সামনে থেকে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।ওসি আরও জানান, ধর্ষণের ঘটনায় মেয়ের চাচা বাদী হয়ে বুধবার রাতে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামি শরিফুল ইসলামকে ১২ মে কোর্টে প্রেরণ করা হবে।