/ খেলাধুলা

ওমানের বিপক্ষে বড় জয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের

...

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার (১২ সেপ্টেম্বর) টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান করে সালমান আগার দল। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে ৬৭ রানেই গুটিয়ে যায় ওমান। আর তাতেই ৯৩ রানের বিশাল জয় পায় পাকিস্তান।এদিন টসে জিতে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি পাকিস্তান। শুরুতেই সাইম আইয়ুবের উইকেট হারায় তারা। শাহ ফয়সালের প্রথম বলেই এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন এই ওপেনার। এরপর মোহাম্মদ হারিস ছাড়া বাকিদের কেউ তেমন সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত হারিসের ৬৬ রানের ওপর ভর করেই ১৬০ রানের পুঁজি পায় সালমান আগার দল।জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওমান। পাওয়ার প্লেতে তাদের দুই ওপনারকে ফেরান সাইম আইয়ুব। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই অধিনায়ক যতিন্দর সিংকে সাজঘরে ফেরান সাইম। দলীয় ২৪ রানের মাথায় আমির কালীমকে এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলেন এই বোলার।তার কিছুক্ষণ পর মোহাম্মদ নাদিমকে সাজঘরে পাঠান সুফিয়ান মুকিম। আবরার আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭ বলে ৩ রান। পরের ওভারে সুফিয়ান মেহমুদকে আউট করেন মোহাম্মদ নাওয়াজ।  ৫০ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে ওমান। শেষদিকে আর কোনো ব্যাটার তেমন প্রতিরোধ গড়ে তুলতে না পারায় ১৬.৪ ওভারে মাত্র ৬৭ রানেই গুটিয়ে যায় ওমান। সাইয়ুম আইয়ুব, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ নিয়েছেন ২টি করে উইকেট। এছাড়া আবরার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ ও শাহিন আফ্রিদি নিয়েছেন ১টি করে উইকেট।