/ বাংলাদেশ

হাতীবান্ধায় অটোচালক হত্যার প্রধান আসামি গ্রেফতার

...

লালমনিরহাটের হাতীবান্ধায় অটোরিকশাচালক রায়ফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) র‍্যাব-১৩ (সিপিএসসি, রংপুর) ও র‍্যাব-৪ (সদর কোম্পানি, মিরপুর ক্যাম্প) এর যৌথ আভিযানিক দল রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. মাহফুজার রহমান মামুনকে (৪২) গ্রেফতার করে। মামুন লালমনিরহাটের কালিগঞ্জ থানার উত্তর দলগ্রামের আইয়ুব আলীর ছেলে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আরও পড়ুন: রংপুরে নারীকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে র‍্যাব জানায়, রায়ফুল ইসলাম একজন অটোরিকশা চালক ছিলেন। নিখোঁজ হওয়ার দুদিন পর গত ২০ আগস্ট সকালে হাতীবান্ধা থানার ভেলাগুড়ি ইউনিয়নের জামবাড়ি পাড়ার সতী নদীর তীরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার মা বাদী হয়ে হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন তোলে এবং গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। পরবর্তীতে মামলাটি র‍্যাব-১৩ এর নজরে এলে অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা চালানো হয়। এরই ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর র‍্যাব-১৩ (সিপিএসসি, রংপুর) ও র‍্যাব-৪ (সদর কোম্পানি, মিরপুর ক্যাম্প) এর যৌথ আভিযানে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. মাহফুজার রহমান মামুনকে গ্রেফতার করা হয়।